সুনামগঞ্জে জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গতকাল রোববার জেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই সংবাদকর্মীসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৬টি কাঁদানে গ্যাস ছোড়ে।জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবিরকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার পর গত তিন দিন শহরে পক্ষে-বিপক্ষে মিছিল সবাবেশ হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার সমর্থক নেতা-কর্মীরা এই নিয়োগ বাতিল করে তাঁকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। আর এনামুল কবিরের সমর্থকেরা করেছেন আনন্দ মিছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে এনামুল কবিরের নিয়োগকে স্বাগত জানিয়ে শহরের উকিলপাড়ার যুবলীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাঁর কর্মী-সমর্থকেরা এসে যোগ দেন। একই সময় আওয়ামী লীগের রমিজবিপণির কার্যালয় থেকে ছাত্রলীগের কিছু কর্মী আরেকটি মিছিল বের করেন। শহরের ডিএস রোডে থানার মূল ফটকের সামনে এসে মিছিল দুটি মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও কাচের বোতল দিয়ে ঢিল ছোড়ে দুই পক্ষ। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় যায়যায়দিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক কাঁদানে গ্যাস ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস কাচের বোতলের ঢিলের আঘাতে আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া সংঘর্ষে নুরুল হুদার সমর্থক ছাত্রলীগের নেতা পঙ্কজ চৌধুরী, বাবু এবং এনামুল কবিরের সমর্থক কালা মিয়া, শিমুল আহমদ, আতিকুল ইসলাম, আবু সাদাত লাহিন, বিষ্ণু দাসসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।এনামুল কবিরের সমর্থকেরা অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে তাঁদের নেতা-কর্মীরা শহরে আসার পথে কয়েকটি স্থানে প্রতিপক্ষের সমর্থকেরা হামলা চালান। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাতক থেকে আসা নেতা-কর্মীরা হামলার শিকার হন। এ ছাড়া স্টেশন রোডেও হামলার ঘটনা ঘটে।জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এনামুল কবির জানান, দলের নেতা-কর্মীরা স্বপ্রণোদিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণ মিছিল বের করেছিলেন। কিন্তু যাঁরা সুনামগঞ্জের মতো শান্ত শহরকে অশান্ত করতে চান। আওয়ামী লীগকে ধ্বংস করতে চান, তাঁরাই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা সংঘর্ষের জন্য এনামুল কবিরকে দায়ী করে বলেছেন, ছাত্রদলের ক্যাডারদের নিয়ে এনামুল কবিরের লোকজন তাঁর সমর্থকদের ওপর হামলা করেছে। রাজনীতিতে নিষ্ক্রিয় ও অদক্ষ একজনকে এই পদে নিয়োগ দেওয়ায় বিষয়টি দলের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীরা চায়, জননেত্রী শেখ হাসিনা এই নিয়োগ বাতিল করে যোগ্য ও দক্ষ কাউকে নিয়োগ দেবেন।’