আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গতকাল শনিবার ১০ জন আহত হয়েছেন। একই কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
হালুয়াঘাট আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনে হালুয়াঘাট থেকে আওয়ামী লীগের চারজন প্রার্থী দলীয় সমর্থন চান। এ নিয়ে সমঝোতার জন্য বিকেলে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একটি কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সমর্থন প্রত্যাশিত ও দলের অন্য নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। বিকেল চারটার দিকে কলেজ মাঠের বাইরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম সুরুজ মিয়া-সমর্থিত লোকজন প্রমোদ মানকিনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
আরেক চেয়ারম্যান প্রার্থী ফারুক আহম্মেদ খানের সমর্থিত লোকজন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সুরুজের সমর্থিত যুবলীগের কর্মী সালাউদ্দিন সাদেক, ছাত্রলীগের কর্মী আনিছ আকন্দ, আবুল কাশেমসহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। তাঁদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, কলেজের বাইরে কিছু ছেলে নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া করেছে। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
নালিতাবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর জন্য গতকাল স্থানীয় পাবলিক হল মিলনায়তনে ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেনের নেতৃত্বে তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ভোটাভুটি হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম উকিল ও সম্পাদক মোকছেদুর রহমানের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সভাপতি-সমর্থিত পাঁচজনসহ সহকারী উপপরিদর্শক (এএসআই) রাম প্রসাদ ও উপপরিদর্শক (এসআই) খোকন সরকার আহত হন। এ সময় পুলিশ ১২টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের একটি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।