আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গত বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে তালমা ইউনিয়ন কাচারি প্রাঙ্গণে সাজেদা চৌধুরীর জনসভা আহ্বান করা হয়। বিকেল পাঁচটার দিকে পাগলপাড়া এলাকার ইউপি সদস্য (৬ নম্বর ওয়ার্ড) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাহাবুদ্দিন আহমদের লোকজন মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে সমবেত হন। একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলনালিয়ার তৈয়বুর রহমানের লোকজন সাহাবুদ্দিনের সমর্থকদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। সাহাবুদ্দিন বলেন, ‘আমি নেত্রীর জনসভায় যোগ দেব বলে সমর্থকদের নিয়ে পাগলপাড়া বাজারে অপেক্ষা করছিলাম। তৈয়বের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কাশেম জমাদ্দার, শহীদ শেখসহ আমার আটজন সমর্থক আহত হয়েছে।’ তৈয়বুর রহমান বলেন, ‘আমার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল পাগলপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় সাহাবুদ্দিনের সমর্থকেরা তাতে হামলা চালায়। এর ফলে তারা মিয়া, আনোয়ার হোসেনসহ আমার ১২ সমর্থক আহত হয়েছে।’