আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। উপজেলার বনগ্রাম মানিক উদ্দিন উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদ নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ১৭ আগস্ট পর্ষদের মেয়াদ শেষ হয়। পরে সাময়িক পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তার মেয়াদ আগামী ৫ এপ্রিল শেষ হওয়ার আগেই গোপনে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে মাহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে সভাপতি করা হয়।এ নিয়ে আনিসুর ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুস সাত্তার মাস্টারের সমর্থকদের মধ্যে গতকাল ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে মোশাররফ হোসেন, হানিফ উদ্দিন, আবদুস সাত্তার আহত হন।তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বনগ্রাম গ্রামের আবদুল জলিল, আবদুল মোতালেব ও জয়নাল আবেদীন জানান, কাউকে না জানিয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।আনিসুর রহমান জানান, উভয় পক্ষের মধ্যে একটু ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। তিনি দাবি করে বলেন, ‘আমি বৈধভাবেই পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছি।’ আবদুস সাত্তার মাস্টার জানান, ‘পর্ষদ সম্পর্কে আমি ও আমার লোকজন বিদ্যালয়ে জানতে গেলে আনিসুরের লোকজন আমাদের ওপর হামলা চালান।’ সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।