আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ব্যাপারী লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা হলেন শেখমাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব ভূঁইয়া এবং তাঁর সঙ্গী রফিক ভূঁইয়া, দাউদ ভূঁইয়া, সেলিম ভূঁইয়া ও জাহাঙ্গীর ভূঁইয়া। তাঁদের মধ্যে রফিক ও দাউদকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেখমাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু শেখ বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগ মিছিলের আয়োজন করে। দুপুর ১২টার দিকে সেখানে হাজির হন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মালেক ব্যাপারীর বেয়াই শেখমাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব ভূঁইয়াসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী। এটা দেখে আওয়ামী লীগের কর্মীরা উত্তেজিত হয়ে মাহাবুবসহ অন্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে মালেক ব্যাপারীর অনুসারীরা মাহাবুব ভূঁইয়ার পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পাঁচজন আহত হন। এ সময় মালেক ব্যাপারী লাঞ্ছিত হন।
বাচ্চু শেখ আরও বলেন, যত দূর জেনেছি, মাহাবুব ভূঁইয়া তাঁর বেয়াই মালেক ব্যাপারীর মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিতে এসেছিলেন।