বরগুনার আমতলী উপজেলা শহরে আয়োজিত কথিত আনন্দ মেলা গত শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় সার্কাসের নারী শিল্পীদের মারধর ও লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় প্যান্ডেল ও আসবাব।
আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে আমতলী পৌরসভার প্যানেল মেয়র জি এম মুসা, আইউব গাজী ও রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আতিকুর রহমান, সবুজ মিয়া, ফরিদ মেলকার, মো. আতিক ও হুমায়ূন কবীরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মনির হোসেন ও বজলুর রহমান নামের দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মেলার আয়োজক কমিটিতে আছেন এমন তিনজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে বলেন, মেলার আর্থিক ও ব্যবস্থাপনার অধিকাংশের নিয়ন্ত্রণ ছিল মেয়র মতিয়ারের হাতে। এতে প্যানেল মেয়র জি এম মুসা ও তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসার পক্ষের আইয়ুব গাজী ১৪-১৫ জন লোক নিয়ে টিকিট ছাড়াই সার্কাস প্যান্ডেলে ঢুকতে চান। কর্তব্যরত ব্যক্তিরা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আইয়ুব ও তাঁর সহযোগীরা রামদা, ছেনি ও লাঠি নিয়ে সার্কাসে হামলা চালান। খবর পেয়ে মেয়র মতিয়ারের পক্ষের লোকজনও সেখানে যায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সন্ত্রাসীরা সার্কাসের চারজন নারী শিল্পীকে মারধর ও লাঞ্ছিত করে। প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চলে। পুলিশ ও র্যা ব-৮-এর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে আরেক দফা সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী সার্কাসের কর্মচারী মতিয়ার রহমান ও জসিম উদ্দিন জানান, সন্ত্রাসীরা প্যান্ডেলের মধ্যে ঢুকে দর্শকদের মারধর করতে থাকে। লোকজন দিকশূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় চেয়ার, লাইট, বাদ্যযন্ত্র, সাউন্ডবক্স ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়।
দ্য কাঞ্চন সার্কাসের ব্যবস্থাপক আবদুল রাজ্জাক বলেন, সন্ত্রাসীরা নারী শিল্পীদের মারধর ও লাঞ্ছিত করেছে। হামলায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
মেয়র মতিয়ার গতকাল বলেন, ‘জি এম মুসার নেতৃত্বে হামলা হয়েছে। ওরা আমার পাঁচজন লোককে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাঁদের রাতেই বরিশালে পাঠাই। অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাঁদের ঢাকায় নেওয়া হয়েছে।’
জি এম মুসার সঙ্গে যোগাযোগের জন্য কয়েকবার তাঁর মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। রাতেই মেলা বন্ধ হয়ে গেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’