আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার রাতে লালমনিরহাট শহরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কবিদুল ইসলাম (২৮) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন খানের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শহরের আপনপাড়া এলাকায় লালমনিরহাট নার্সিং কলেজের নির্মাণাধীন ভবনে বালু সরবরাহকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব। বুধবার সকালে শাখাওয়াত হোসেনের লোকজন নির্মাণস্থলে গিয়ে জহুরুল হকের পক্ষের যুবলীগের কর্মী মনু মিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা মনুকে মারধর করেন।
এ ঘটনা জানাজানির পর জহুরুল হকের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শাখাওয়াতের বাড়ি ও এর আশপাশের এলাকায় মহড়া দেন। এরপর রাত আটটার দিকে আবার তাঁরা সেখানে গেলে শাখাওয়াতের পক্ষের লোকজনের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে জহুরুল হকের পক্ষের কবিদুল ইসলামসহ উভয় পক্ষের ১০-১২ জন আহত হন।
আহত ব্যক্তিদের প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত নয়টার দিকে যুবলীগের নেতা কবিদুল, রাকিব, বলরাম, সেলিম, আশরাফুজ্জামান ও শামীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কবিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সেখানে মারা যান। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।