আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল মঙ্গলবার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রোজদার আলী (৪০) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষ চলাকালে ১০-১২টি বাড়ি ভাঙচুর করা হয়। নিহত রোজদার আলী উপজেলার দিগনগর ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি অচিন্তপুর গ্রামের আকবর আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ উপজেলার দিগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজির আলীসহ ২২ জনকে আটক করেছে।গ্রামবাসী জানান, দিগনগর ইউপি নির্বাচন উপলক্ষে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন খানের সঙ্গে ওই কমিটির আরেক সদস্য সামছুজ্জামান খানের পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। গত সোমবার সামছুজ্জামানের পক্ষের ২০-২২ জন সমর্থক গ্রামে নাসিরের পক্ষে যোগ দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের দেবতলা, গোকুলনগর, হারুনদিয়া ও অচিন্তপুর গ্রামের উভয় পক্ষের লোকজন রামদা, ঢাল, ভেলা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অচিন্তপুর গ্রামে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নাসিরের পক্ষের রোজদার আলীর মৃত্যু হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন।আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন যুবলীগের সদস্য রোজদার আলী পেশায় একজন কৃষক। তাঁর স্ত্রী ও ছোট তিন ছেলে রয়েছে। তিনি ছিলেন পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারটি অসহায় হয়ে পড়ল। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।