কক্সবাজারের চকরিয়ায় গতকাল রোববার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসংলগ্ন ১০ শতক খাসজমির দখল নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই জমি নিয়ে জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন এবং একই এলাকার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শওকত আলীর মধ্যে বিরোধ চলে আসছে। দুই দিন আগে শওকতের পক্ষের লোকজন জমিটি দখল করেন এবং ওই জমিতে শওকতের আত্মীয় স্থানীয় আওয়ামী লীগের নেতা ছাবের আহমদ একটি কাঁচা ঘর তৈরি করেন। খবর পেয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের নেতা কামাল হোসেন ও এহেসান চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ঘটনাস্থলে গিয়ে ঘরটি ভাঙা শুরু করেন। এ সময় শওকত গ্রুপের লোকজন বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনায় উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ মিজানুর রহমান (২৫), হেফাজ উদ্দিন (২২), মিনুয়ারা বেগম (২৫), ছাবের আহমদ (৫০), মফিজুর রহমান (৪৫), ছফুরা খাতুন (২৩) ও জমির উদ্দিনকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতা কামাল হোসেন ও শওকত আলী খাসজমিটি নিজের দাবি করেন। আর হামলার জন্য একে অপরকে দায়ী করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাসজমি দখলের ঘটনায় ওই সংঘর্ষে গুলিবিদ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।