আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লাসহ ১০৯ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, রুহুল আমিন আসন্ন উপনির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণা করে শুক্রবার বিকেলে সমর্থকদের নিয়ে আমরাইদ বাজারে মিছিল করছিলেন। একপর্যায়ে প্রতিপক্ষের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বাজারের একটি বেসরকারি হাসপাতাল ও কয়েকটি দোকানপাট ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাজারের লোকজন ছোটাছুটি শুরু করে এবং বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-কাপাসিয়া-টোক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই ঘটনায় গতকাল যুবলীগের নেতা আসাদুজ্জামান বাদী হয়ে রুহুল আমিন, শাহজাহান মোল্লা, ইকবাল, সোহাগ, নূরুজ্জামান, জাহাঙ্গীর, সফিকুল, কামাল শেখ, মনির হোসেনসহ ৭৩ জন এবং রুহুল আমিন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লাসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।কাপাসিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রাহাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।গাজীপুর-৪ আসনের সাংসদ তানজিম আহমেদ (সোহেল তাজ) সম্প্রতি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরই শুরু হয় উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা।