আ.লীগের দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমি উচ্চবিদ্যালয় এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। ওই বিদ্যালয় মাঠে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষ জনসভা আহ্বান করায় উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি-উল-সহিদ এই আদেশ জারি করেন।পুলিশ জানায়, গতকাল বিকেল তিনটায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান সমর্থিত কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ বিদ্যালয় মাঠে কর্মিসভা আহ্বান করে। একই স্থান ও সময় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী সমর্থিত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনসভা আহ্বান করে।সভা আহ্বানকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পুলিশ সুপার বাসুদেব বণিক ১৪৪ ধারা জারির কথা স্বীকার করেন।কঞ্চিপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক রেজাউল করিম—উভয়ই তাঁদের সভা আগে আহ্বান করা হয়েছে বলে দাবি করেন।