নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়ে গেছে সংবর্ধনার প্রস্তুতি বৈঠক। গতকাল শনিবার বিকেলে উপজেলা গণমিলনায়তন-কাম কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
২২ জানুয়ারি নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে নবনির্বাচিত সাংসদ মোর্শেদ আলমকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই প্রস্তুতি বৈঠক ডাকা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ওই প্রস্তুতি বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতারা অংশ নেন।
বৈঠকের শুরুতে সভাপতি স্বাগত বক্তৃতা করেন। এরপর বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু। তাঁর বক্তৃতার পর উন্মুক্ত আলোচনার শুরুতে সুযোগ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কবির। তিনি বক্তৃতার শুরু থেকে বিগত দিনে বিএনপি ও জামায়াত-শিবিরের হামলার শিকার দলীয় নেতা-কর্মীদের পাশে উপজেলা কমিটির নেতাদের কেউ না দাঁড়ানোর অভিযোগ তুলে নেতাদের কঠোর সমালোচনা করেন।
এ সময় সভাকক্ষে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের কিছু অংশ গোলাম কবিরের পক্ষে এবং কিছু বিপক্ষে অবস্থান নেন। এ নিয়ে দুপক্ষ হইচই শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হলের বাইরে থাকা পুলিশ ভেতরে গিয়ে দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের সাবেক নেতা গোলাম কবির প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদকই সবকিছু। দলের নির্যাতিত নেতা-কর্মীদের পাশে কাউকে পাওয়া যায় না। তিনি সত্য কথা বলায় নেতাদের গাত্রদাহ হয়েছে। তাঁদের পক্ষের লোকেরা হইচই শুরু করে সভা পণ্ড করে দিয়েছেন।
প্রস্তুতি সভায় হট্টগোল ও চেয়ার ভাঙচুরের কথা নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, সাবেক এক ছাত্রনেতার উত্তেজনাকর বক্তৃতা নিয়ে উপস্থিত অনেকে প্রতিবাদ জানালে হইচই ও হট্টগোল শুরু হয়। পরে তিনি সভা স্থগিত করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাংসদকে সংবর্ধনার প্রস্তুতি বৈঠকে আওয়ামী লীগের দুপক্ষের হট্টগোল-হাতাহাতি ও কিছু চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তাঁর নেতৃত্বে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।