আ.লীগের দুই পক্ষের হামলা, পাল্টা হামলা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও বিরোধকে কেন্দ্র করে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ ঘটনায় উপজেলা পরিষদ এলাকা ও এর আশপাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার খানপুর এলাকা থেকে উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ভারতীয় কিছু অবৈধ পণ্য আটক করেন। এ নিয়ে বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম, আবদুর রহমানসহ চারজন আহত হন।দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আযম উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেনকে লাঞ্ছিত করেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েক শ গ্রামবাসী ওই রাতেই সফিউল আযমকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। গতকাল সকাল থেকে সফিউল আযম তাঁর গ্রামের বাড়ি গাবুরা থেকে কয়েক শ লাঠিয়াল তাঁর শ্যামনগর সদরের বাড়িতে নিয়ে আসেন। সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলা পরিষদ ভবন থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর সাত্তার ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের ৫০-৬০ জন সমর্থক তাঁকে ধাওয়া করেন। এ সময় পুলিশ দ্রুত তাঁকে কার্যালয়ের মধ্যে নিয়ে গেট আটকে দেয়।শহরের ফুলতলা মোড় এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের অপর অংশের কর্মীরা সফিউল আযমের ভাড়া বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভেতরে অবস্থানরত গাবুরা থেকে আসা সফিউল আযমের সমর্থকেরা হামলাকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় সফিউল আযমের সমর্থকেরা গাবুরা গ্রামের জহুরুল ইসলাম গাজীর হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন জানান, সোমবার দলীয় কার্যালয়ে ডেকে সফিউল আযম তাঁকে মারধর করেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল স্থানীয় গ্রামবাসী ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর ছাত্তার জানান, সফিউল আযম প্রেসক্লাব, হকারদের বসার জায়গা ও পোস্ট অফিসের জায়গা দখলের মদদদাতা। একই অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা।সফিউল আযম জানান, সাইফুল ইসলাম ও আবদুর রহমানকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে মারপিট করে আহত করা হয়েছে। এ বিষয়ে সাইফুল ইসলামের বাবা আবদুল কাদের গাজী সোমবার রাতেই গোলাম মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার পেছনে তাঁর হাত রয়েছে মনে করে গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েক শ মানুষ তাঁর বাড়িতে হামলা করেছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দুপুর ১২টার দিকে শ্যামনগর সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।