আ.লীগের দুই প্রার্থীর পক্ষে মাইকিং ও প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুজন মেয়র পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই দুই প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত মো. মাইনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ-সমর্থিত মো. নুরুল হক ভূঁইয়া। তাঁদের দুজনের পক্ষে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হয়েছে বলে জানা গেছে। দুই প্রার্থীই দাবি করেছেন, তাঁরা ব্যক্তিগতভাবে আচরণবিধি লঙ্ঘন করেননি। এই দায় তাঁরা নেবেন না।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ পৌর শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে মো. মাইনুল ইসলামের পক্ষে তাদের সমর্থনের কথা জানান দেয়। মাইকিংয়ের নিবেদক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিন। তিনি বলেন, গত শনিবার উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে মো. মাইনুল ইসলামকে দলের একক মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। ওই সিদ্ধান্তই মাইকিং করে শহরবাসীকে জানানো হয়েছে।অন্যদিকে জেলা আওয়ামী লীগ নুরুল হক ভূঁইয়ার পক্ষে তাদের সমর্থন জানিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগকে একটি চিঠি দেয়। সোমবার বিকেলে সেই চিঠির ফটোকপি সাধারণ ভোটারদের মধ্যে বিলি করা হয়।ওই চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহামদ হোসেনের নির্দেশে জেলা আওয়ামী লীগ আখাউড়া পৌরসভা নির্বাচনে দলের একক মেয়র পদপ্রার্থী হিসেবে মো. নুরুল হক ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। চিঠিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম এমদাদুল বারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খানের স্বাক্ষর রয়েছে।চিঠিটি এখন আখাউড়ার বিভিন্ন চা, মুদি, স্টেশনারি দোকানসহ সাধারণ ভোটারদের হাতে হাতে ঘুরছে। যোগাযোগ করা হলে আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা জানান, চিঠিটি কীভাবে সাধারণ মানুষের হাতে গেল তা তিনি জানেন না।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, চিঠিটি উপজেলা ও পৌর আওয়ামী লীগকে দেওয়া। এখন ওই চিঠিই মানুষের হাতে হাতে ঘুরছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধির ৪-এ বলা হয়েছে, ‘কোন প্রার্থী বা তাহার পক্ষ হইতে অন্য কোন ব্যক্তি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের তারিখের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না।’ এই আচরণবিধি কোনো প্রার্থী বা সমর্থক বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন তদন্ত করে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এমনকি প্রার্থীর প্রার্থিতাও বাতিল হয়ে যেতে পারে।মেয়র পদপ্রার্থী মো. মাইনুল ইসলাম বলেন, ‘ওই মাইকিং আমি করিনি। কেউ অতি-উৎসাহী হয়ে করে থাকলে থাকতে পারে। এর দায় আমি নেব না।’ অপর প্রার্থী মো. নুরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি আমাকে দেওয়া হয়নি। উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া। এই চিঠি সাধারণ ভোটারদের কাছে কীভাবে গেল, তা তাঁরাই বলতে পারবেন। এখানে আমার সম্পৃক্ততা নেই।’আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সব প্রচার-প্রচারণাই নিষিদ্ধ। এখনো প্রতীক বরাদ্দ হয়নি। তাই নির্বাচনসংক্রান্ত মাইকিং করা বা প্রচারপত্র বিলি করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে প্রমাণসহ লিখিত অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’