আ.লীগের দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে আজ শনিবার ভোট। এই আসনে চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তবে বিএনপি ও স্থানীয় প্রভাবশালী দল কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থিত কোনো প্রার্থী নেই। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ আবদুল মালেক। অন্য দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির (জেপি) সমর্থিত সাদেক সিদ্দিকী ও স্বতন্ত্র লিয়াকত আলী। অনুপম শাহজাহান গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ভোট কিনতে আবদুল মালেক কালো টাকা ছড়াচ্ছেন। এ অভিযোগ অস্বীকার করে আবদুল মালেক পাল্টা অভিযোগ করেন, ক্ষমতাসীনেরা ভোটের দিন কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছেন।
এই উপনির্বাচন বয়কট করেছে বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান জানিয়েছেন, তাঁদের দলীয় নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই এলাকার প্রভাবশালী দল কৃষক শ্রমিক জনতা লীগও ভোট বর্জন করেছে। ঋণখেলাপের জন্য দলটির প্রধান কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোট গ্রহণ সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তা খুরশীদ আনোয়ার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরের পর থেকেই নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।
সাংসদ শওকত মোমেন শাহজাহান ২০ জানুয়ারি মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনের মোট ভোটার তিন লাখ সাত হাজার ৩২৮ জন। মোট ভোটকেন্দ্র ১১৭টি। পুলিশ বলছে, এর মধ্যে ১০২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।