আ.লীগের দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় দুজনের মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হিরণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কার্যালয়ের নোটিশ বোর্ডে বৈধ ও বাতিল হয়ে যাওয়া চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা টানানো হয়।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ হিরণ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ওই দিন রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। অপর দিকে ১ মার্চ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া মনোনয়নপত্র জমা দেন। দুটি মনোনয়নপত্রেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সই ছিল। ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের দিন মনোনয়নপত্র দুটি বাতিল হয়।
এর আগে ওই দুই প্রার্থীকে সমঝোতায় আনতে একাধিকবার সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। কিন্তু কেউ নিজের অবস্থান থেকে সরে না যাওয়ায় অবশেষে দুজনের মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘দুটি মনোনয়নপত্রেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সই ছিল। সে ক্ষেত্রে মনোনয়নপত্র দুটি বাতিল করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা ছিল না।’
তিনি আরও বলেন, তবে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থীই ৯ মার্চ পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করার সুযোগ পাবেন।
এ ব্যাপারে মুন্সী এবাদুল ইসলাম বলেন, তিনি আপিল করবেন। তবে অপর প্রার্থী গোলাম কিবরিয়া দাড়িয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে আওয়ামী লীগের দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন, বদিউজ্জামান দাড়িয়া, তোতা দাড়িয়া ও মামুনুর রশীদ।