আ.লীগের দুই ব্যবসায়ী প্রার্থীর স্ত্রীরাও সম্পদশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাম মুর্শেদী ও শেখ সালাহউদ্দিন
সালাম মুর্শেদী ও শেখ সালাহউদ্দিন

খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে খুলনা-২ (সদর- সোনাডাঙ্গা) আসনের প্রার্থী শেখ সালাহউদ্দিন ও খুলনা-৪ (দিঘলিয়া-রূপসা-তেরখাদা) আসনের আব্দুস সালাম মুর্শেদী বড় ব্যবসায়ী। এই দুই প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রায় শত কোটি টাকার কাছাকাছি। তাঁদের স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদও কম নয়। স্ত্রীদের হাতে আছে বড় অঙ্কের টাকা, বন্ড, সঞ্চয়পত্রসহ বিভিন্ন কোম্পানির শেয়ার। সালাহউদ্দিনের নিজের গাড়ি না থাকলেও স্ত্রীর কোটি টাকার গাড়ি আছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

সালাহউদ্দিন প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন। আর সালাম মুর্শেদী খুলনা-৪ আসনে মাস তিনেক আগে উপনির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে সালাম মুর্শেদী। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। তিনি কয়েকটি প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্নপোশাক, শিল্পপ্রতিষ্ঠান, বস্ত্রশিল্প, ব্যাংক ও হাসপাতালের সঙ্গে জড়িত। হলফনামার তথ্য অনুসারে, তাঁর বার্ষিক আয় ৬ কোটি ৩৭ লাখ টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ১ কোটি ১৭ লাখ টাকা।

সালাম মুর্শেদীর বার্ষিক আয় হিসেবে বাড়িভাড়া বাবদ ১৬ লাখ ৪২ হাজার, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেতন ২ কোটি ৬২ লাখ টাকা এবং শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক থেকে ৩ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পত্তি রয়েছে ৮৩ কোটি ৫৬ লাখ এবং স্থাবর সম্পদ ১১ কোটি ৫৫ লাখ টাকার। তাঁর নগদ অর্থের পরিমাণ ৪ কোটি ২৭ লাখ টাকা, ব্যাংকে জমা ৪৫ লাখ টাকা, বন্ড, সঞ্চয়পত্রসহ বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে ৭১ কোটি টাকার, স্বর্ণ সাড়ে ৪ লাখ টাকার।

পাশাপাশি স্থাবর সম্পত্তি হিসেবে গুলশানে ১৫ কাঠা জমি, খিলগাঁওয়ে ১টি ৯০০ বর্গফুটের ফ্ল্যাট, গুলশানে ২টি ফ্ল্যাটসহ দালানকোঠা ও আবাসিক বাবদ অর্জনকালীন আর্থিক মূল্য দেখিয়েছেন ১১ কোটি ৫৫ লাখ টাকার।

সালাম মুর্শেদীর স্ত্রীর অস্থাবর সম্পদ আছে ১১ কোটি ৯৭ লাখ টাকার, স্থাবর সম্পত্তি আছে ৩৪ লাখ টাকার। তাঁর নির্ভরশীলদের অস্থাবর সম্পত্তি আছে ১৩ কোটি ৩০ লাখ টাকার। তাঁর স্ত্রীর নগদ অর্থ আছে ৪ লাখ ৫৮ হাজার টাকা। ব্যাংকে জমা ৮ লাখ ৬৫ হাজার টাকা। 

শেখ সালাহউদ্দিন

হলফনামা দেখে সহজেই বোঝা যায় শেখ সালাহউদ্দিন একজন বড় ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। মেসার্স আজমীর নেভিগেশন ও মেসার্স ফারদিন ফিশের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। বার্ষিক আয় উল্লেখ আছে ৩ কোটি ২০ লাখ টাকা এবং তাঁর নির্ভরশীলদের বার্ষিক আয় ২ কোটি ৪১ লাখ টাকা।

সালাহউদ্দিনের অস্থাবর সম্পদ হিসেবে ৬৩ কোটি ৭৬ লাখ টাকা ও ২ কোটি ১২ লাখ টাকার স্থাবর সম্পদের উল্লেখ করেছেন। তাঁর স্ত্রীর অস্থাবর ও স্থাবর সম্পত্তির পরিমাণ ৩২ কোটি ৪১ লাখ টাকা। সালাহউদ্দিনের বার্ষিক আয় দেখানো হয়েছে বাড়িভাড়া বাবদ ৩ লাখ ৯০ হাজার টাকা, কার্গো, ফিশিং ট্রলার ও মাছের ঘেরের ব্যবসা থেকে ১ কোটি ৯ লাখ, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ১ কোটি ৮০ লাখ, ব্যাংকের মুনাফা ২৬ লাখ ৭০ হাজার এবং মিটিং ফিশ বাবদ ৬৪ হাজার টাকা। স্ত্রী বাড়িভাড়া বাবদ বার্ষিক আয় করেন ১৩ লাখ ৯৫ হাজার টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে আয় ২ কোটি, ব্যাংকের মুনাফা থেকে আয় সাড়ে ২৭ লাখ টাকা।

সালাহউদ্দিন অস্থাবর সম্পত্তি হিসেবে ৩০ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ দেখিয়েছেন কার্গো ও ট্রলারে, তিনটি কোম্পানির শেয়ার রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকার, নগদ টাকা ৮ কোটি ২৮ লাখ, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র রয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকার, ব্যাংকে জমা ২ কোটি ১৭ লাখ, আসবাব সাড়ে ৪ লাখ টাকার এবং ইলেকট্রনিক সামগ্রী রয়েছে সাড়ে ৭ লাখ টাকার। স্থাবর সম্পত্তি হিসেবে তিনটি ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৫ লাখ এবং অকৃষি জমির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৭ লাখ টাকা।

পাশাপাশি তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ আছে ৩০ কোটি ৭০ লাখ টাকার। তাঁর স্ত্রীর নগদ টাকা আছে ৪ কোটি ৫০ লাখ। ব্যাংকে জমা আছে ২ কোটি ২৫ লাখ টাকা, শেয়ার আছে ২০ কোটি টাকার। এ ছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ২ কোটি ৮৫ লাখ টাকা, গাড়ি আছে ১ কোটি ৭ লাখ টাকার, বৈবাহিক সূত্রে প্রাপ্ত স্বর্ণ আছে ৩ লাখ টাকার।

স্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর ১ কোটি ৩৯ লাখ টাকার একটি দালান আছে। এ ছাড়া ৭ দশমিক ৮২ ও ১৩ দশমিক ৩৫ ডেসিমেল অকৃষি জমি আছে, মূল্য ৩১ লাখ টাকা। পাশাপাশি বেসিক ব্যাংকের কাছে ২৯ কোটি ২৬ লাখ টাকার দায় উল্লেখ রয়েছে।