আওয়ামী লীগের মনোনীত শরীয়তপুর পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম কোতোয়াল ও ডামুড্যা পৌরসভার প্রার্থী হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদিকে মেয়র পদে ‘বিদ্রোহী’ প্রার্থী ঠেকাতে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার রাতে বর্ধিত সভা করা হয়। সভায় স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক সব নেতা-কর্মীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের পাঁচটি পৌরসভায় ৩৬ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম ও ডামুড্যা পৌরসভায় হুমায়ুন কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জনতা ব্যাংকের ঢাকার কারওয়ান বাজার শাখার ঋণখেলাপি হওয়ায় রফিকুলের মনোনয়নপত্র বাতিল হয়। আর হলফনামায় উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে না পারায় হুমায়ুন কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ডামুড্যা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আশাফ উদ্দৌলাহ রতন ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভায় আবদুল মান্নান বেপারী, আবদুল জব্বার রাঢ়ী, হালিম বেপারি, তানিয়া জাহিদ, নড়িয়া পৌরসভায় জাকির বেপারি, শহীদুল ইসলাম, মোসলেহ উদ্দিন, জাজিরা পৌরসভায় খোকন তালুকদার, আবুল বাশার খান ও জুলহাস কবিরাজের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া পাঁচটি পৌরসভায় ১৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
হুমায়ুন কবির ছৈয়াল বলেন, ‘আমার এইচএসসির সনদ হারিয়ে গেছে। বোর্ড থেকে সনদ তুলে সোমবার (আজ) জেলা প্রশাসকের কাছে আপিল করা হবে।’
রফিকুল ইসলামের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। তাঁর ছোট ভাই শহীদ কোতোয়াল বলেন, ‘আমার ভাই ঋণখেলাপি নন। ব্যাংকের একটি অন্য জটিলতা আছে। আশা করছি, সোমবারের মধ্যে তা সমাধান হয়ে যাবে। আমরা জেলা প্রশাসকের কাছে আপিল করব।’
শরীয়তপুর সদর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, আগামী তিন দিনের মধ্যে তাঁরা (মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী) জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন। পরবর্তী তিন দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে।
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী তৃণমূল থেকে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির ছৈয়ালের নাম প্রস্তাব করা হয়। দলীয় সভানেত্রী তাঁকে মনোনয়ন দেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ছৈয়াল ও তাঁর ভাই ডামুড্যা মুসলিম পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক আশাফ উদ্দৌলাহ ছৈয়াল। হুমায়ুন কবির ছৈয়াল ওই স্বতন্ত্র দুই প্রার্থীর চাচাতো ভাই।
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় সংগঠনের সভাপতি কামাল উদ্দিন মাস্টার সভাপতিত্ব করেন। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন সাংসদ নাহিম রাজ্জাক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও আশাফ উদ্দৌলাহ সভায় ছিলেন না।
রেজাউল করিম ছৈয়াল বলেন, ‘দলের স্থানীয় নেতা-কর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। কিন্তু একটি বিশেষ মহল আমার মনোনয়ন কেড়ে নিয়েছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, সব নেতা-কর্মীকে নির্বাচনী মাঠে নামানোর জন্য বর্ধিত সভা করা হয়েছে। যাঁরা দলীয় সিদ্ধান্ত মানছেন না, তাঁদের আহ্বান জানানো হয়েছে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে। তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।