আ.লীগের দুই শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন। গতকাল রোববার তাঁরা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছে পদত্যাগপত্র দাখিল করেন।গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের পদত্যাগ করা নেতাদের পক্ষে যুগ্ম সম্পাদক হায়দার আলী ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মজিদ শেখ তাঁদের লিখিত বক্তব্যে দুই শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ করার কথা উল্লেখ করেন।লিখিত বক্তব্যে পদত্যাগ করা নেতারা অভিযোগ করে বলেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের পাশ কাটিয়ে স্বেচ্ছাচারিতা ও অনিয়মে লিপ্ত রয়েছেন। তাঁরা নানা দুর্নীতির কারণে এলাকায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাঁদের কার্যকলাপে কোনো পরিবর্তন না আসায় গণপদত্যাগের ঘটনা ঘটেছে।বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হক বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে করা স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, ‘আমাদের কাছে এখনো পদত্যাগপত্র আসেনি।’