আ.লীগের দুটি কার্যালয় ঘিরে দ্বন্দ্ব বেড়েই চলেছে
আওয়ামী লীগের জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা শাখার দুটি কার্যালয় ঘিরে স্থানীয় সাংসদ ও উপজেলা শাখার নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দুটি কার্যালয় থেকে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করায় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছে।
দলীয়সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে পৌরসভার শিমলা বাজারের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের উপজেলা শাখার দলীয় কার্যক্রম চলে আসছিল। স্থানীয় সাংসদ মুরাদ হাসান ২০১১ সালে ৩৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আওয়ামী লীগের নতুন দলীয় কার্যালয় নির্মাণ করেন। ওই সালের ১৬ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন। এ কার্যালয় উদ্বোধনের পর থেকেই স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের উপজেলা শাখার মধ্যে কোন্দল বাড়তে থাকে।
গত ২ জানুয়ারি আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি মো. গিয়াস উদ্দিন পাঠান ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন নতুন দলীয় কার্যালয়ে সাংসদ মুরাদ হাসানের ফুফাতো ভাই নূর-ই-আলমের কাছে লাঞ্ছিত হন। এ ঘটনায় ৭ জানুয়ারি শিমলা বাজারের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় মুক্তিযোদ্ধা সংসদের সামনের নতুন দলীয় কার্যালয়ে সব কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক লুৎফর রহমান জানান, এভাবে সাংসদ ও আওয়ামী লীগের উপজেলা শাখার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকলে আসনটি ধরে রাখা যাবে না। আওয়ামী লীগের উপজেলা শাখার সম্পাদক ছানোয়ার হোসেন জানান, নতুন দলীয় কার্যালয় চালু হওয়ার পর থেকেই আওয়ামী লীগের উপজেলা শাখার নেতারা নানাভাবে অপমানিত হয়ে আসছিলেন। নূর-ই-আলম ও তাঁর সঙ্গীরা আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতিকে লাঞ্ছিতের প্রতিবাদে উপজেলা শাখার সভায় নতুন কার্যালয় বর্জনের সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক জানান, উপজেলা নেতাদের লাঞ্ছিত করার পর থেকে তাঁরা শিমলা বাজারের দলীয় কার্যালয় থেকে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছেন। এ ব্যাপারে সাংসদ মুরাদ হাসান বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তা শিগগিরই মিটিয়ে ফেলা হবে।