আ.লীগের দুপক্ষের একই স্থানে সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে কর্মসূচি দেওয়ায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপেজলা প্রশাসন উপজেলা সদরের নতুন, পুরাতন বাজারসহ আশপাশের এলাকায় এ আদেশ জারি করে।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং সাবেক সদস্য ফখরুল ইসলাম মতছিনের মধ্যে আগে থেকেই রাজনৈতিক বিরোধ ছিল। সম্প্রতি তাঁরা একে অপরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করেন। এ দুটি মামলায় তাঁদের অনুসারীদেরও আসামি করা হয়েছে। তবে উভয় পক্ষ মামলা দুটিকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে শুরু থেকেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলা প্রত্যাহারের দাবিতে উভয় পক্ষ গতকাল বেলা দুইটায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও রামপাশা সড়কে প্রতিবাদ সভার আহ্বান করেছিল। পূর্বঘোষিত এ কর্মসূচিকে ঘিরে গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষের অনুসারীরা মুখোমুখি অবস্থান নেয়। মঙ্গলবার রাতে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল রাতে একাধিকবার যোগাযোগ করা হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ফোন ধরেননি। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলামের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া গেছে।
ইউএনও অমিতাভ পরাগ তালুকদার ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সদরের পুরান, নতুন বাজারসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনা করে এ আদেশ প্রত্যাহার করা হবে।