আ.লীগের দুপক্ষের সংঘর্ষে মেয়রসহ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় শাহনেওয়াজের ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানায়, আওয়ামী লীগের সমর্থক আবদুল মজিদ এবং তাঁর ছোট ভাই ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন সরকার ও আহাদ আলীর মধ্যে বিরোধ চলছিল। রিপন ও আহাদ মেয়রের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল সকালে রিপনের নেতৃত্বে কয়েকজন মতিনের সমর্থক আবদুর রহমান ও মরুর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। মেয়র শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে ফেরার পথে মতিনের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শাহনেওয়াজ আলী জানান, প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। মতিন দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি বা তাঁর সমর্থকেরা জড়িত নন।