আ.লীগের দুপক্ষের সংঘর্ষে মেয়রসহ পাঁচজন আহত
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় শাহনেওয়াজের ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানায়, আওয়ামী লীগের সমর্থক আবদুল মজিদ এবং তাঁর ছোট ভাই ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন সরকার ও আহাদ আলীর মধ্যে বিরোধ চলছিল। রিপন ও আহাদ মেয়রের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল সকালে রিপনের নেতৃত্বে কয়েকজন মতিনের সমর্থক আবদুর রহমান ও মরুর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। মেয়র শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে ফেরার পথে মতিনের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শাহনেওয়াজ আলী জানান, প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। মতিন দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি বা তাঁর সমর্থকেরা জড়িত নন।