আ.লীগের দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, দলীয় কার্যালয় দখল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, এর জের ধরে বুধবার রাত আটটার দিকে আবুল কাশেম ও এনামুল হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর এনামুল হোসেন চৌধুরীর নেতৃত্বে একদল যুবক আবুল কাশেমের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে আবুল কাশেম, মো. আবছার, রাশেদা বেগম, এনামুল হোসেন চৌধুরী, হাসান আলী, আবু তাহের ও ইমাম হোসেন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবুল কাশেম ও এনামুল হোসেন চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে আবুল কাশেমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে আবুল কাশেমের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হোসেন চৌধুরী।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এএসআই জয়নাল আবেদীন জানান, দুপক্ষের পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।