আ.লীগের দুপক্ষের সংঘের্ষ আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের সঙ্গে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ শাহ আলমের বিরোধ রয়েছে। শনিবার সন্ধ্যায় শাহ আলমের অনুসারী উপজেলা যুবলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী সাদ্দাম হোসেনের সঙ্গে আউয়ালের অনুসারী এবং স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউর রেজার সঙ্গে তৌহিদুল ও সাদ্দামের কলেজ এলাকায় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আউয়ালের পক্ষের তুহিন (২৩) ও মুন্না (২৫) এবং শাহ আলমের পক্ষের সাদ্দাম (২২) ও আল আমিন (২৭) আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বেলা ১১টার দিকে সানাউর রেজার নেতৃত্বে কলেজ এলাকায় মিছিল হয়। এ সময় তৌহিদুল ইসলামের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন।
স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, সাংসদ থাকার সময় শাহ আলমের কিছু লোকজনের এলাকায় আধিপত্য ছিল। গত সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আউয়ালের লোকজনের প্রভাবে শাহ আলমের লোকজন কোণঠাসা হয়ে পড়েন। সম্প্রতি শাহ আলম জেলা পরিষদের প্রশাসক হওয়ায় তাঁর লোকজন আধিপত্য বিস্তারের চেষ্টা করেন।
জেলা পরিষদের প্রশাসক শাহ আলম বলেন, স্বরূপকাঠি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউর রেজা ও তাঁর লোকজন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। লোকজন তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং এলাকা থেকে বিতাড়িত করেছে।