আ.লীগের দুপক্ষের সভা ডাকা নিয়ে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষ একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় আগামীকাল রোববার দিনভর সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা প্রশাসন এ নির্দেশ জারি করে।

উপজেলা শহরের জগন্নাথপুর মহল্লার কাদির সরকার বাড়ির মাঠে আগামীকাল দুপক্ষ আলাদাভাবে সভা করার ডাক দিয়েছিল।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, আগামীকাল সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত কাদির সরকার বাড়ির মাঠের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

জানা গেছে, ৬ নভেম্বর থেকে শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্লাহর নেতৃত্বে দলটির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়। এরই মধ্যে দুটি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গঠনতন্ত্র মেনে শহর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে না—এক সপ্তাহ আগে এমন অভিযোগ এনে দলটির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ স্থানীয় সাংসদ নাজমুল হাসানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে পরিপ্রেক্ষিতে কার্যকরী পর্ষদের সভা ডেকে ও গঠনতন্ত্র মেনে কমিটি গঠনের নির্দেশ দেন সাংসদ। মিজানের পক্ষ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।

কার্যকরী পর্ষদের সভা ডেকে ও গঠনতন্ত্র মেনেই কমিটি করা হচ্ছে—এমন দাবি করে শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষটি আগামীকাল সকাল ১০টায় ৬ নম্বর ওয়ার্ড শহর আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করে। এ পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর। একই দিন একই স্থানে সম্মেলন আহ্বান করে প্রচারণা চালায় মিজান পক্ষও। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন বলেন, ‘তিন দিন আগে সম্মেলনের দিনক্ষণ ঠিক করে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। এ অবস্থায় শুধু সম্মেলন পণ্ড করার জন্য পক্ষটি একই সময় একই স্থানে সভা ডাকে।’

অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘তারা (অপরপক্ষ) গঠনতন্ত্র মেনে সম্মেলন করছে না। সাংসদের নির্দেশনাও মানছে না। এ কারণে আমরাও পাল্টা সম্মেলন ডেকে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ মিজানের দাবি, প্রতিপক্ষের আগে তাঁরা প্রচার শুরু করেন।