আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির জেলা কমিটি সমর্থিত প্রার্থী তৌহিদুল আলম জয়ী হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী তারিকের বিরুদ্ধে তিনজন ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি হেরেছেন বলে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন।
নুরুন্নবী তারিকের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই খুদা, শফিকুল ইসলাম এবং সভাপতি এসএম মতিউর রহমান ‘বিদ্রোহী’ প্রার্থী হন। অপর দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম ও সাবেক সদস্য শাহজাহান আলী। তৌহিদকে প্রথমে দলের জেলা কমিটি সমর্থন দেয়। পরে কেন্দ্রীয় কমিটি শাহজাহান আলীকে সমর্থন দেয়।
চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘আমার কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ভোটাররা ভোট দিতে আসেন নাই।’