আ.লীগের দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন সন্দেহ জাগায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, হেফাজতের নেতারা যেসব দাবি করতেন, আওয়ামী লীগ ধীরে ধীরে সেগুলোর সঙ্গে আপস করছে। আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন সন্দেহ জাগায়। প্রধানমন্ত্রী হেফাজতের সঙ্গে আপস করে ভুল জায়গায় পা দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জাতীয় নির্বাচন: নির্বাচনকালীন সরকার গঠনে নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের সামনের গ্রিক দেবীর মূর্তির বিষয়ে বললেন, সেটা নাকি তাঁরও ভালো লাগে না। দাওরায়ে হাদিসকে এম এ পাসের সমমর্যাদা দিলেন, তাতে আপত্তি নেই। দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন, সন্দেহ জাগে। আগাম নির্বাচন দেবেন কি না।’
বি চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনমুখী চিন্তার কারণে মনে হয় তাঁরা নিজের পক্ষে ভোট টানার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে ফেলেছেন। হেফাজতের মধ্যে আরও যেসব সংগঠন আছে, তাদের সঙ্গেও প্রকাশ্যে বা গোপনে আলোচনা হতে পারে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্যাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় হেফাজতের নেতারা বলেছেন, হাইকোর্টের সামনের ভাস্কর্য সরাতে হবে। পরের দিন তাঁরা বলেছেন, দেশের সব ভাস্কর্য অপসারণ করতে হবে। এই পদক্ষেপ দেশের জন্য ভয়ানক ক্ষতিকর হতে পারে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘হেফাজতের সঙ্গে সরকারের বেশ একটি বন্ধুত্ব। সবাই বোঝে, ভোটের দরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, জনগণের মন বুঝতে হবে। জনগণের পক্ষে থাকা মানে তাঁরা ভোটের ব্যাপারটি মাথায় রাখছেন।’