আ.লীগের নতুন কমিটির প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের প্রথম রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের নবযাত্রা শুরু হলো। নির্বাচনের আগে দেওয়া আওয়ামী লীগের ওয়াদা পূরণ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলতে থাকবে। কেউ এ পথ বন্ধ করতে পারবে না। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের শুরুতেই আবুল হাসানাত আবদুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণায় সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানান। এরপর বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী গত নির্বাচনে বিপুলভাবে বিজয়ী করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সবার দোয়া চাই, যাতে জাতির ললাট থেকে কলঙ্ক চিরতরে মুছতে পারি। জানি, এ পথ সহজ নয়। কিন্তু জাতির দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে।’ তিনি বলেন, ‘আমরা যাত্রা শুরু করলাম। যখনই যুদ্ধাপরাধী পাওয়া যাবে, তার বিচার অব্যাহত থাকবে। পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দাপট দেখেছি। এটা যাতে আর না হতে পারে।’ শেখ হাসিনা বলেন, ‘আজ একটি বিশেষ দিন। নির্বাচনের আগে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের ওয়াদা করেছিলাম। সরকার গঠনের সঙ্গে সঙ্গে এই বিচারের কাজও শুরু করি। বিচারের প্রথম রায় ঘোষিত হয়েছে। জাতির ললাটে যে কলঙ্ক ছিল, তা মোচন শুরু হয়েছে এই রায় ঘোষণার মধ্য দিয়ে। আমরা ওয়াদা রক্ষা করেছি।’প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে জাতির পিতা অধ্যাদেশ জারি করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু দুঃখজনক হলো, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ড এবং জাতীয় নেতাদের হত্যার পর এ বিচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সামরিক অধ্যাদেশ জারি করে ’৭২-এর অধ্যাদেশ বাতিল করা হয়। যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, তাদের নাগরিকত্ব দিয়ে দেশে আনা হলো। তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হলো।