আ.লীগের নতুন লক্ষ্য ২২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ মনে করছে, তাদের দলীয় প্রার্থীরা ২১৫ থেকে ২২০টি পৌরসভায় জয়ী হবেন।
গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন তদারকে নিয়োজিত কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এই লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়।
বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে গত রোববার দলের নেতারা বৈঠক করে বলেছিলেন, ২০০ পৌরসভায় তাঁদের প্রার্থীরা এগিয়ে। কেন্দ্রীয় নেতাদের তৎপরতা ও মাঠে প্রচারে থাকায় গত দুই দিনে আরও বেশ কিছু পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের অবস্থান ভালো হয়েছে। মাঠে থাকা নেতাদের সঙ্গে কথা বলে গতকাল নতুন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়। এখন নেতারা বলছেন, ২২০টি পৌরসভায় জয়লাভের চেষ্টা অব্যাহত থাকবে।
গতকাল রাতের বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য ২২০টি পৌরসভায় জয়ী হওয়া। মাঠপর্যায়ের তথ্য এই লক্ষ্যমাত্রা পূরণের ইঙ্গিত দিচ্ছে। নেতা-কর্মীরা সেভাবেই কাজ করছে।’ তাঁর দাবি, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে খালেদা জিয়া বক্তব্য দেওয়ার পর আওয়ামী লীগের অবস্থান আরও সংহত হয়েছে।
এর আগে ধানমন্ডি কার্যালয়ে গত রোববারের বৈঠকে অন্তত ২০টি পৌরসভায় বিএনপি কিংবা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল চট্টগ্রামের রাউজান, সুনামগঞ্জের ছাতক, সিরাজগঞ্জের শাহজাদপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাতক্ষীরা সদর, বাগেরহাটের মোল্লারহাট।