আ.লীগের নরসিংদী জয়ে বাধা এক নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান মেয়র শফিউদ্দিন এবার প্রতিদ্বন্দ্বিতায় নেই। নরসিংদী জেলা জাতীয় পার্টির সহসভাপতি তিনি। আইনি জটিলতার কারণে তাঁর এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই বলে তিনি প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে পুরোপুরি সরে যাননি। মাঠে নেমেছেন ঘরের মানুষকে নিয়ে। স্বামীর পদ আগলে রাখার দায়িত্ব নিয়েছেন স্ত্রী বিলকিস সরকার। সঙ্গে আছে সংগঠিত জাতীয় পার্টির সমর্থন, স্বামীর ইমেজ আর প্রভাব। বিলকিস সরকারের সরব উপস্থিতি মহাজোটের ঐক্যে আঘাত হেনেছে। ভোটারদের ধারণা, জেলায় হ্যাটট্রিক বিজয় পাওয়া না-পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের সমর্থন পাওয়া মো. শওকত আলীর বাড়তি ভাবনা এখন এই নারী প্রার্থী। বিভক্ত মহাজোটের বিপরীতে তাই অনেকটা উজ্জ্বল বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ইলিয়াছ। তরুণ এই ব্যবসায়ী নির্বাচনী সংস্কৃতির মধ্যে আছেন দীর্ঘদিন। কয়েক বছর ধরে তাঁর সব কর্মসূচি ছিল নির্বাচনকেন্দ্রিক। এ অবস্থায় কৌশলগত দিক দিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে আছেন পৌরসভার বিএনপি-সমর্থিত ভোটাররা। সব মিলিয়ে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা নির্বাচনে জোরালো প্রতিদ্বন্দ্বিতার আমেজ জানান দিচ্ছে।জেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত মাধবদী পৌরসভার নির্বাচন ২৭ জানুয়ারি। ঢাকা বিভাগের অন্যান্য পৌরসভার মতো এর নির্বাচনও ১৭ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু বিপত্তি ঘটান পৌর শহরের আনন্দী গ্রামের চন্দন দেবনাথ। প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৫ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। অভিযোগ রয়েছে, বর্তমান মেয়র শফিউদ্দিন ঋণখেলাপি হওয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তা প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তাই তাঁর সমর্থক হিসেবে পরিচিত চন্দন দেবনাথ নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্যে হাইকোর্টে এই রিট আবেদন করেছিলেন। পরবর্তী সময়ে অন্য প্রার্থীদের আইনি লড়াইয়ে আদেশটি স্থগিত হয় এবং পুনঃ তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়।বিলকিস সরকার, মো. শওকত আলী, মো. ইলিয়াছ ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির আ. বাতেন শাহিন ও মো. সেলিম ভূঁইয়া। অবশ্য এরই মধ্যে আনোয়ার হোসেন এক সভায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ জানুয়ারি নরসিংদী ও মনোহরদী পৌসভার নির্বাচন হয়। এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়ী হন। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী নরসিংদী পৌসভার বর্তমান মেয়র লোকমান হোসেন ২০ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। সারা দেশে টালমাটাল আওয়ামী লীগ যেন নরসিংদীতে এসে ছন্দ ফিরে পায়। এখন আওয়ামী লীগের নেতাদের স্থির লক্ষ্য মাধবদী জয়। আর তা হলে জেলায় শতভাগ জয় আসবে এবং সেটি হবে হ্যাটট্রিক পৌর বিজয়। এ ক্ষেত্রে বিএনপির অর্জনের ঝুলি এখন পর্যন্ত শূন্য।স্বামী প্রার্থী হতে না পারায় নিজে প্রার্থী হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বিলকিস সরকার বলেন, ‘কিছু সমস্যার কারণে আমার স্বামী প্রার্থী হতে পারেনি ঠিক। কিন্তু আমার ভাবনা থেকেই আমি প্রার্থী হয়েছি।’ যুক্তি হিসেবে তিনি বলেন, ‘আমি পেশায় শিক্ষক। নিশ্চয়ই আমার স্বামী শিক্ষক হতে চাননি বলে আমি শিক্ষক হইনি? নির্বাচিত হলে স্বামীর উন্নয়নের গতি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নারীদের ইতিবাচক দিকে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব।’মো. ইলিয়াস বলেন, ‘মাধবদীবাসীর ব্যবসায়ীক সম্ভাবনাকে এগিয়ে নিতে ভোটাররা তরুণ নেতৃত্বের তাগিদ অনুভব করছিলেন। আমার ধারণা এবার এর প্রমাণ পাওয়া যাবে।’ মো. শওকত আলী বলেন, আওয়ামী লীগের প্রার্থীর জন্য কখনোই জাতীয় পার্টি সমস্যার কারণ হতে পারে না। নির্বাচনের ফলাফলেই এর প্রমাণ পাওয়া যাবে।