আ.লীগের নাম ভাঙিয়ে নামসর্বস্ব সংগঠন!
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নড়াইলে গড়ে উঠেছে নামসর্বস্ব বহু সংগঠন। আওয়ামী লীগের নেতাদের অনেকেই এসব সংগঠনে যোগ দিচ্ছেন। বিভিন্ন স্থানে সভা, সেমিনার, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ছাড়া এসব সংগঠনের আদতে আর কোনো কাজ নেই।অভিযোগ আছে, এসব সংগঠনের কর্তাব্যক্তিরা কিছু মন্ত্রী, সাংসদ ও নেতার নাম ভাঙিয়ে বিভিন্ন মহলে তদবির করেন।জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতার পৃষ্ঠপোষকতায় নড়াইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কয়েকটি নামসর্বস্ব সংগঠন। এগুলোর কর্তাব্যক্তিরা দলের নাম ভাঙিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জন্ম নেয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইমারত শ্রমিক লীগ, ওলামা লীগ, সৈনিক লীগ, বঙ্গবন্ধু পাঠাগার, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু যুব পরিষদ, তরুণ লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বেশ কয়েকটি সংগঠন। কিন্তু ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপর্যয়ের পর এগুলোর হদিস পাওয়া যায়নি। কিন্তু আবার ক্ষমতায় আসার পর সেসব সংগঠনই শুধু নয়, নতুন মোড়কে আত্মপ্রকাশ ঘটেছে আরও অনেক সংগঠনের।কাগজে-কলমে স্বীকৃতি না থাকলেও এসব সংগঠনের কর্তাব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের সাবেক নেতা বা মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেন। সংগঠনগুলোর ব্যানারে প্রধান অতিথি হয়ে উপস্থিত হতে দেখা যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সাবেক এবং বর্তমান নেতাদের। বিভিন্ন দিবস, যেমন—বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, জন্মদিন, শাহাদতবার্ষিকী, বিজয়ের মাস ও স্বাধীনতার মাস উপলক্ষে এসব সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।সর্বশেষ স্বাধীনতার মাসে আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনেরই মাসব্যাপী কর্মসূচি ছিল না। সেই সুযোগে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সেজে নড়াইলে নাম ও সাইনবোর্ড-সর্বস্ব ১০টি সংগঠন বিভিন্ন স্থানে সভা, সেমিনার, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এ মতিন বলেন, যে যেভাবে পারছে, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে একটি সংগঠন দাঁড় করিয়ে নিজেদের ফায়দা হাসিল করছে। সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূনের মতে, নামসর্বস্ব এসব সংগঠনের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া উচিত।