লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নারী সাংসদ ফরিদুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকায় বিলি করা একটি প্রচারপত্রে এ অভিযোগ আনা হয়। এতে বিব্রত দলের স্থানীয় নেতারা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জনৈক মুক্তিযোদ্ধা’ পরিচয়ে ওই প্রচারপত্র দুই মাস ধরে পর্যায়ক্রমে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের কাছে ডাকযোগে পাঠানো হচ্ছে। প্রচারপত্রে সাংসদ ফরিদুন নাহারকে ‘অর্থলোভী’ ও ‘সাংগঠনিকভাবে দেউলিয়া’ বলা হয়েছে।প্রচারপত্রে অভিযোগ তোলা হয়, পুলিশের বিভিন্ন মহলে মামলার তদবির করে ও টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্যসহ (কাবিখা) বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে তিনি কমিশন হাতিয়ে নেন। তিনি দলের স্থানীয় নেতাদের মধ্যে রেষারেষি সৃষ্টিতে প্ররোচনা দিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এতে সংগঠন দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া বিশেষ মহল থেকে সুবিধা নিয়ে তিনি রামগতি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনবিচ্ছিন্ন ও দুর্বল প্রার্থীদের সমর্থন দেন। এতে দলের সম্ভাবনাময় প্রার্থীর পরাজয় ঘটে। ফলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ দলের হাতছাড়া হয়েছে।প্রচারপত্রটির খবর এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। প্রচারপত্রটি কে বা কারা ছাড়ছে, তা নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশও করেছে উপজেলা আওয়ামী লীগ। প্রচারপত্রের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি স্পর্শকাতর, তাই মন্তব্য করাও ঝুঁকিপূর্ণ। তবে প্রচারপত্রটি দলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে বলে তাঁরা স্বীকার করেন।প্রচারপত্রে উল্লেখ করা সব অভিযোগ নাকচ করে ফরিদুন নাহার বলেন, এসব অপপ্রচার, কুৎসা ও ষড়যন্ত্র। তিনি দাবি করেন, দায়িত্ব পাওয়ার পর তিনি দুই উপজেলায় দলের সাংগঠনিক ভিত মজবুত করেছেন। এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রমও সঠিকভাবে করেছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর ও দলের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এটা করেছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী বলেন, এ ধরনের ষড়যন্ত্র চলতে থাকলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে। দলীয় ঐক্য অটুট রেখে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে হবে।