ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত শনিবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। আওয়ামী লীগের নেতা নওশের আলী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রহিমা আক্তার গতকাল রোববার একটি মামলা করেন। এর আগে শনিবার রাতে দায়ের করা অন্য মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিনপারিবারিক সূত্র জানায়, নওশের আলীকে হত্যার অভিযোগ এনে গতকাল রাতে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন রহিমা আক্তার। মামলার অভিযোগ ও আসামি সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি। ভাঙ্গা থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের ৬০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। ইতিমধ্যে এই মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল তাঁদের আদালতে হাজির করে প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগে জানাজা শেষে বেলা সাড়ে নয়টায় উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের সিকদারকান্দা গ্রামে নিজ বাড়িতে নওশের আলীর লাশ দাফন করা হয়।