আ.লীগের নেতা আবদুল্লাহ আল হারুনের স্মরণসভা
অর্থ ও ক্ষমতার মোহ মানুষকে অতীত ভুলে যেতে প্রলুব্ধ করে। আর এই মোহের কারণে অনেকে অতীতের সত্য ইতিহাস বাদ দিয়ে নিজের ইতিহাস প্রচারের চেষ্টা করেন। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হলে তাদের বিকৃত ইতিহাস তৈরিতে মোশতাক-জিয়ার ভূমিকার কথাও জানতে হবে।সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল হারুনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র প্রসাদ নাথ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা ইসহাক মিয়া। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টি নেতা অশোক সাহা, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সাংবাদিক ওসমান গণি মনসুর, ডেইজি মওদুদ, মাজহারুল হক শাহ, প্রয়াতের জামাতা সোহেল শাকুর, মেয়ে লুবনা শাকুর প্রমুখ।