আ.লীগের নেতা ও কর্মীরাই ডিলার!
সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিক্রি করতে ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকে। সম্প্রতি জয়পুরহাটের আক্কেলপুরে সেই ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে নিয়োগ দেওয়া ১০ জন ডিলারই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তবে নিয়োগ পাওয়া ডিলাররা বলছেন, দলীয় বিবেচনা ও আত্মীয় পরিচয়ে নয়, তাঁরা যোগ্যতা ও শর্ত মেনেই নিয়োগ পেয়েছেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে দুজন করে ডিলার নিয়োগের আহ্বান করে। ৮ মার্চ আবেদনপত্র দাখিলের শেষ দিনে পাঁচ ইউনিয়নে মোট ৩৬টি আবেদন জমা পড়ে। পরের দিন ডিলার নিয়োগ কমিটির সভায় যাচাই-বাছাই শেষে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়।নিয়োগপ্রাপ্ত ডিলাররা হলেন রুকিন্দীপুর ইউনিয়নের খোকন মণ্ডল ও মাজারুল আনোয়ার, সোনামুখী ইউনিয়নের মাহবুব আলম এবং ডি এম মেহেদী হাসান, গোপীনাথপুর ইউনিয়নের আবু সাইদুর রহমান ও কছিমুদ্দিন, তিলকপুর ইউনিয়নের সেলিম মাহবুব ও সৈয়দ রফিকুল ইসলাম এবং রায়কালি ইউনিয়নের অশোক কুমার সাহা ও শহিদুল ইসলাম।খোঁজ নিয়ে জানা গেছে, উপরিউক্ত সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এ ছাড়া কয়েকজন ডিলার নিয়োগ কমিটির সদস্যদের নিকট আত্মীয়। নিয়োগ পাওয়া সোনামুখী ইউনিয়নের ডিলার মাহবুব আলম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ডি এম মেহেদী হাসান উপজেলা যুবলীগের সদস্য। রায়কালি ইউনিয়নের অশোক কুমার সাহা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক, শহিদুল ইসলাম দলীয় কর্মী। তিলকপুর ইউনিয়নের সেলিম মাহবুব ইউনিয়ন যুবলীগের সভাপতি, সৈয়দ রফিকুল ইসলাম দলীয় কর্মী। এ ছাড়া সেলিম মাহবুব ডিলার নিয়োগ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলীর ভাগনে। আর সৈয়দ রফিকুল ইসলাম ডিলার নিয়োগ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদার ভাই। গোপীনাথপুর ইউনিয়নের ডিলার আবু সাইদুর রহমান ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য, কছিমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাইদুর রহমান কবিরাজ জানান, দুজন মুক্তিযোদ্ধাকে ডিলার নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা সংসদ সুপারিশ করেছিল। এই দুজনের কাজের পূর্বাভিজ্ঞতাও ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা মূল্যায়ন করা হয়নি।নিয়োগ পাওয়া ডিলার ডি এম মেহেদী হাসান বলেন, ‘দলীয় বিবেচনায় নয়, যোগ্যতা ও শর্তের বলে নিয়োগ পেয়েছি। অন্যরাও একইভাবে নিয়োগ পেয়েছে।’নিয়োগ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলীর স্বজনপ্রীতি ও দলীয়করণের কথা স্বীকার করে বলেন, যারা আবেদন করেছিল তাদের অনেকেরই প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। যাদের কাগজপত্র ঠিক ছিল কমিটি তাদের নিয়োগ দিয়েছে।ডিলার নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস রফিকুল আলম বলেন, শাস্তি পাওয়া কালো তালিকাভুক্ত, বাতিল করা ও সাময়িকভাবে বরখাস্ত করা ব্যক্তি ছাড়া যে কাউকে শর্ত সাপেক্ষে কমিটি ডিলার নিয়োগ করতে পারে। ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও ইউএনও এস এ এম রফিকুন্নবী প্রথম আলোকে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ করা হয়েছে। এতে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি হয়নি। যারা নিয়োগ পাননি, তাঁরাই বাহিরে এসব অপ্রচার চালাচ্ছেন।