খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য বগুড়ার ১২টি উপজেলার ছয়টিতে ডিলার নিয়োগ চূড়ান্ত হয়েছে। এর তালিকা সংগ্রহ করে দেখা গেছে, নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও আত্মীয়।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার ১২ উপজেলায় ১ লাখ ৫৩ হাজার ৫৫ জন দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি চাল বিক্রির জন্য ২৮৯ জন ডিলার নিয়োগ হচ্ছে।
গাবতলীতে নিয়োগ পাওয়া ২৮ জন ডিলারের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি এইচ আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোখসানা জালালের স্বামী জালাল উদ্দিনসহ একই দলের ১৩ জন। এখানে ডিলার নিয়োগে ভাগ-বাঁটোয়ারা নিয়ে ২৫ সেপ্টেম্বর উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে হামলা হয়। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহমেদ গত সোমবার রাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তার হওয়ার আগে ওই দিন ফারুক আহমেদ বলেন, যোগ্যদের বাদ নিয়ে অযোগ্যদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়মের প্রতিবাদ করায় খাদ্য কার্যালয়ে হামলার সাজানো মামলায় স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান বলেন, ‘রাজনীতি করলে ডিলার হওয়া যাবে না—নীতিমালায় এমনটা উল্লেখ ছিল না। এরপরও যোগ্যতার ভিত্তিতেই ডিলার হয়েছি।’
ইউএনও আহসান হাবিব বলেন, আবেদনকারীদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
শাহজাহানপুর উপজেলায় ডিলার নিয়োগ পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর স্বপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুবেল সরকারসহ একই দলের নয়জন। এর মধ্যে কালোবাজারে এই চাল বিক্রি করতে গিয়ে গত মঙ্গলবার খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার গ্রেপ্তার হয়েছেন। তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়াসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।
শাজাহানপুরের ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম বলেন, নীতিমালা মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
নন্দীগ্রাম উপজেলায় ডিলার নিয়োগ পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ একই দলের কয়েকজন। সারিয়াকান্দিতে ডিলার হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের মোস্তাফিজার রহমানসহ ১৮ জন।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তাঁর ছেলে মাহমুদুর রশিদের নামে ডিলার নিয়োগ পেয়েছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বরচন্দ্র জৈনসহ একই দলের চারজন। কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টি এম ছানাউল্লাহ ও সাধারণ সম্পাদক এস এম আকরাম হোসেনসহ ছয়জন ডিলার নিয়োগ পেয়েছেন। সদর উপজেলায় শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিমের ছেলে সোহেব আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদসহ ছয়জন ডিলার নিয়োগ পেয়েছেন।
জেলা খাদ্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, ইউএনওকে সভাপতি ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে সদস্যসচিব করে প্রতিটি উপজেলায় ডিলার নিয়োগ কমিটি রয়েছে। তাঁরাই ডিলার নিয়োগ দিয়েছেন। কোনো ডিলারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।