আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার ভরাট হওয়া ধলাই নদ খননে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চার থেকে ছয় ফুট করে খনন ও হতদরিদ্র ব্যক্তিদের দিয়ে খনন করার কথা থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পছন্দের ব্যক্তিদের দিয়ে মাত্র এক থেকে দেড় ফুট করে খনন করছেন। এ ব্যাপারে গত ২০ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি।
এলজিইডি জানায়, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাই নদে একটি রাবার বাঁধ রয়েছে। এই বাঁধের মাধ্যমে পানি সংরক্ষণ করে সাতটি গ্রামের মানুষ বোরো-ইরি ও সবজি চাষ করেন। কাগজপত্রে এটিকে ‘নদী’ বলা হলেও স্থানীয়ভাবে এটি ধলাই খাল হিসেবে পরিচিত। পলি পড়ে খালের তলদেশ ভরাট হওয়ায় সম্প্রতি এলজিইডি তৃতীয় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টরের উপপ্রকল্পের আওতায় খনন ও তীর সংরক্ষণের উদ্যোগ নেয়। চার থেকে ছয় ফুট গভীর করে চার কিলোমিটার খনন ও এক হাজার ৬০০ মিটার দীর্ঘ বেড়িবাঁধ মেরামতের এই প্রকল্পে ব্যয় ধরা হয় ৩০ লাখ টাকা। কাজটি পায় ধলাই নদী পানি ব্যবস্থাপনা সমিতি। গত ১ এপ্রিল কাজ শুরু হয়।
সমিতি সূত্র জানায়, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাতটি গ্রামের ৬৪৫ জন এই সমিতির সদস্য। সমিতির সভাপতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিন।
এলজিইডিতে দেওয়া অভিযোগে বলা হয়, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকায় ইচ্ছামতো কাজ করছেন। হতদরিদ্র শ্রমিকদের কাজের সুযোগ না দিয়ে তাঁদের পছন্দের লোকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন।
সমিতির সদস্য আদম আলী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে ধলাই খনন করা হয়েছিল। এখন পুরোনো কাজের ওপর নদীর তীরের মাটি ছেঁটে ও নিচের সামান্য মাটি সরিয়ে খনন দেখানো হচ্ছে। তিনি জানান, এলজিইডিতে অভিযোগ করায় আওয়ামী লীগের নেতারা তাঁকে হুমকি দিচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরো প্রকল্প এলাকায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছেন। দুর্লবপুর গ্রামে আট থেকে দশজন শ্রমিককে মাটি কাটতে দেখা যায়। শ্রমিকেরা খালের নিচ থেকে মাটি তুলে সেই মাটি পাড়ে ফেলছেন। শ্রমিকেরা যতটুকু মাটি কাটছেন তার গভীরতা এক থেকে দেড় ফুট হবে।
দুর্লবপুরের বাসিন্দা তাজুল ইসলাম (২৫) বলেন, ‘এভাবেই পুরো খালে খনন হচ্ছে। আর খালের পাড়ের পুরাতন মাটি ছেঁটে দেওয়া হয়েছে। দেখলে মনে হবে, পুরো খালটিই নতুন করে খনন করা হয়েছে। আসলে আগেই খাল খনন করা ছিল।’
জাহাঙ্গীরনগর গ্রামের শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘এখানে কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু লুটপাট হচ্ছে। বরাদ্দের টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।’
বোরহান উদ্দিন দাবি করেন, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। ৮০ ভাগ কাজ শেষ। তিনি বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তাঁকে অভিযোগ তুলে নিতে বলেছি।’ কফিল উদ্দিন বলেন, ‘আমাদের দলের লোক ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের নিয়েই কাজ শুরু করেছি। প্রতিদিন ২০০ শ্রমিক কাজ করছেন। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’
যোগাযোগ করা হলে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমদ বলেন, ‘অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হবে। যেটুকু কাজ হবে সে পরিমাণ বিলই দেওয়া হবে।’