নরসিংদীর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিলকিস জাহানকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুজ্জামান ওই মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক, সাবেক সাধারণ সম্পাদক বাছেদ মিয়া, মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) সফিকুল ইসলাম, আল এমরান ভূঁইয়া, আওয়ামী লীগের কর্মী মাসুদ মিয়া ও আসাদ মিয়া। দ্বিতীয় মামলাটি করেন উপজেলার শুকুন্দী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ মামলায় আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমানের সমর্থক আসাদ মিয়াকে আসামি করা হয়। মামলার এজাহারের বিবরণ অনুসারে, উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের বিল থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু তোলায় সড়ক, কৃষি জমি ও কবরস্থানের জায়গার ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলার উত্তর নারান্দি গ্রামের জসিমউদ্দিন গত বছরের ৬ ডিসেম্বর লিখিত অভিযোগ এনে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে প্রতিকার চান। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় সহকারী কমিশনার বিলকিস জাহান (ভূমি) নির্বাহী হাকিমের দায়িত্ব পালন করেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি পাইপসহ একটি মেশিন জব্দ করা হয়। তবে বালু তোলার সঙ্গে জড়িত আসাদ মিয়া পালিয়ে যান। তবে অভিযান চালানোর ঘটনায় ক্ষুব্ধ হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি ওই দিনই মুঠোফোনে সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলামকে গালমন্দ করেন এবং পরদিন সকালে দলবল নিয়ে ভূমি কার্যালয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই অনুযায়ী বুধবার দুপুর ১২টার দিকে হাবিবুরের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে ৩০-৪০ জন ভূমি কার্যালয়ে যান। এ সময় হাবিবুর সাত দিনের মধ্যে মনোহরদী ছাড়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) সময়সীমা বেঁধে দেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি এবং পুলিশ ও নির্বাহী হাকিমের আদেশ অমান্য করে পালিয়ে যাওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়। আসামিদের ধরতে বাড়িতে ও সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।সহকারী কমিশনার (ভূমি) বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের আচরণে আমি বিব্রত। আইনের মাধ্যমে তাঁদের আচরণের প্রতিকার চাওয়া হয়েছে।’এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।