আ.লীগের নেতা-কর্মীদের হাতে পাউবোর কর্মকর্তারা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত বুধবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের অবরুদ্ধ ও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১০ কোটি টাকার কাজ পাওয়ার দাবিতে নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায় বলে পাউবো সূত্রে জানা গেছে। এ ঘটনায় পাউবোর পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া পউবো গত ২৫ ফেব্রুয়ারি গাজনার বিল সংযোগ নদী খনন, সেচসুবিধা ও মৎস্যচাষ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকার একটি দরপত্র আহ্বান করে। গত ২৭ এপ্রিল দরপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৮০টি দরপত্র জমা পড়ে। দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য ছয় সদস্যের একটি মূল্যায়ন কমিটি গত বুধবার সভা করে। সভা শেষে আওয়ামী লীগের স্থানীয় ২০-২৫ জন নেতা-কর্মী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে জাহাঙ্গীর সাত্তারের এটকো ও পারিশা এন্টারপ্রাইজের নামে কার্যাদেশ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। নির্বাহী প্রকৌশলী এতে অপারগতা প্রকাশ করলে, তাঁরা ক্ষিপ্ত হয়ে নির্বাহী প্রকৌশলীসহ পাউবোর অন্য কর্মকর্তাদের রাত আটটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ সময় কয়েকজন কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালসহ উপবিভাগীয় প্রকৌশলী নূরুল আক্তারকে লাঞ্ছিত করা হয়।এ ব্যাপারে বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার আবু সাইদ বলেন, পাউবোর কোনো কর্মকর্তাকে লাঞ্ছিত কিংবা অবরুদ্ধ করা হয়নি। তবে কিছুটা উত্তেজনা হয়েছিল। পাউবোর নির্বাহী প্রকৌশলী নিয়ম বহির্ভূতভাবে উচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়ার পাঁয়তারা করছিলেন, এ খবর পেয়ে তাঁরা সেখানে গিয়ে প্রতিবাদ করেছেন মাত্র।এ ব্যাপারে বেড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী কামরুন নেছা বলেন, নিয়ম বহির্ভূতভাবে কাউকে কাজ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণভাবে বানানো। কারণ, কাজ পাওয়ার বিষয়টি নির্ধারণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি জানান, পাউবোর প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্যাতন করার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত ও থানায় জিডি করা হয়েছে।