আ.লীগের নেতা-কর্মীরা দুস্থ!
রাত পৌনে ১০টা। সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর। লোকজনের হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কি। সৌদি আরব থেকে দুস্থদের জন্য পাঠানো দুম্বার মাংস নিয়েই এ কাণ্ড। যে যেভাবে পারে সে সেভাবেই মাংস নিয়ে দে ছুট। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত লোকজন বলেছেন, এ হুলস্থুল কাণ্ডের প্রস্তুতি শুরু হয় সন্ধ্যা থেকেই। দুস্থদের না দিয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা মাংস নিয়ে গেছেন। বাদ যাননি সরকারি কর্মকর্তা-কর্মচারী, এমনকি পুলিশ সদস্যরাও। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে ৬০ কার্টন মাংস আসে। উপজেলার ১৪টি ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ মাংস বিতরণের কথা। এ জন্য রাত নয়টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদেরও কার্যালয়ে আসার কথা ছিল। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিকেশ চন্দ্র রায় বলেন, ‘রাতের ব্যাপার তো; সব ইউনিয়নের জনপ্রতিনিধি না এলে আমরা কী করব? কেউ যদি দুস্থ হতে চায় আমি কী বা করতে পারি?’রাত ১১টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাত ১১টার দিকে মাংস শেষ। সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আক্ষেপ করে বলেন, ‘শুধু মাংস পাওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুস্থ সাজাটা লজ্জার ব্যাপার। তাঁরা কি দুস্থ!’জানা গেছে, এই মাংস গেছে বালাগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি থানা কমিটির আনোয়ার আলী, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প) মাসুদ পারভেজ, একই কার্যালয়ের সহকারী ইদ্রিস, ইউএনও কার্যালয়ের গাড়িচালক আসাদ মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ঘরে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘আমি একা সেখানে ছিলাম না। দলের অন্যান্য নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন। এমনকি পুলিশও ছিল।’ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প) মাসুদ পারভেজ মাংস নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি সেখানে গিয়েছিলাম। মাংস নিয়ে এসেছি। তবে এই মাংস কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করে দিয়েছি।’