আ.লীগের নেতা-কর্মীরা বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ বাহিনীর অভিযান শুরুর পর সাতক্ষীরার সার্বিক পরিস্থিতির কিছু উন্নতি হলেও ভয়ে বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু পরিবারের সদস্যরা। অভিযান শুরুর পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াত-শিবিরের তাণ্ডবের পর জেলাজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। জেলার সাতটি উপজেলা শহর ছাড়া প্রায় সবগুলো ইউনিয়ন ও গ্রামে মানুষের চোখেমুখে এখনো আতঙ্ক। অধিকাংশ পরিবারের পুরুষেরা ঘরছাড়া। অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় নেই। সংখ্যালঘু হিন্দু পরিবারের অনেকেই এলাকাছাড়া। কয়েক দিন ধরে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাও এলাকা ছেড়ে চলে গেছেন।
গত রোববার জেলা সদর থেকে কলারোয়া যাওয়ার পথে সড়কের দুই পাশে অসংখ্য কাটা গাছের গোড়া দেখা গেছে। কিছু গাছ রাস্তার পাশে রয়েছে। এগুলোর কোনোটি ব্যাটারিচালিত করাত আবার কোনোটি হস্তচালিত করাত দিয়ে কাটা হয়েছে। রাস্তায় দু-চারজন সাধারণ মানুষ দেখা গেলেও তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
কলারোয়ার যুগীপুর এলাকার নাজমুল হাসান অভিযোগ করেন, ১২ ডিসেম্বর রাতে কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহারুল ইসলামকে (৫৮) জামায়াত-শিবিরের লোকজন হত্যা করেন। তাঁর পরিবারের সদস্যরা এতটাই ভীতসন্ত্রস্ত যে মামলা করতে সাহস পাননি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় ১৫ ডিসেম্বর রাতে থানার উপপরিদর্শক (এসআই) মো. আইনুদ্দিন বাদী হয়ে ১৫-১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, জামায়াতের তাণ্ডবে সদর উপজেলার শতাধিক হিন্দু পরিবার সাতক্ষীরা শহরসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা অনেক দিন ধরে বাড়িছাড়া। আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাড়ে পাঁচ মাস ধরে সদর থানার একটি কক্ষে অবস্থান করছেন। তাঁর আরও তিন ভাই ও ওই ইউনিয়নের গোপাল ঘোষালসহ অনেকেই সাতক্ষীরা শহরের ভাড়া বাড়িতে বাস করছেন। ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস আচার্য আত্মগোপনে আছেন। আলীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুল করিম সাতক্ষীরা শহরে বসবাস করছেন। ১৫ ডিসেম্বর রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসে। কিন্তু এই অভিযানের মধ্যেও কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেমউদ্দিন আলী (৬৫) খুন হন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, ২১ নভেম্বর দেবহাটায় সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা আবু রায়হানকে খুন করে জামায়াত-শিবির কর্মীরা। তিনি জানান, ২১ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সমর্থক পরিবারের একটি শিশুসহ ১১ জন খুন হয়েছে। হিন্দু পরিবারসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
যৌথ বাহিনী অভিযান শুরুর পর গতকাল সোমবার পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন বিএনপির, অন্যরা জামায়াত-শিবিরের।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান জানান, তাঁদের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। অভিযান শুরুর পর জেলা পর্যায়ের অধিকাংশ নেতা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। অনেকেই বাড়ি ছেড়েছেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার সভাপতি বিশ্বজিৎ সাধু বলেন, যৌথ বাহিনীর অভিযানের পর নতুন করে আর হামলা হচ্ছে না। কিছুটা শান্ত হলেও সংখ্যালঘুদের বাড়ি ফেরার মতো পরিবেশ এখনো হয়নি।
পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেই বলা যাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এক দিনে সবকিছু পাল্টে দেওয়া যাবে না। একটু অপেক্ষা করতে হবে।