আ.লীগের নেতা-কর্মীরা 'নৌকা' ছেড়ে 'ঘোড়া'য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মীর সমর্থন পাচ্ছেন না। তাঁরা দলের ‘বিদ্রোহী’ প্রার্থী বেলাল হোসেনকে সমর্থন দিচ্ছেন।
গোলাম সরওয়ার অভিযোগ করেন, ‘আমাকে প্রার্থী করেছেন সভানেত্রী শেখ হাসিনা। অথচ দলের নেতা হয়েও তাঁরা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন। শুধু বিপক্ষেই অবস্থান নেননি, নৌকাকে পরাজিত করতে “আদাজল” খেয়ে মাঠে নেমেছেন।’
ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বেলাল হোসেন আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ১৭ জনই চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন দিয়ে উপজেলা কমিটির কাছে সুপারিশ করেন। উপজেলা আওয়ামী লীগও তাঁকে প্রার্থী হিসেবে সুপারিশ করে জেলা কমিটির কাছে প্রস্তাব পাঠায়। কিন্তু মনোনয়ন বোর্ড বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ারকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বেলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। গোলাম সরওয়ার ‘নৌকা’ প্রতীক পেলেও আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী তাঁর সঙ্গে নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘গোলাম সরওয়ার গত পাঁচ বছর দলের সঙ্গে ছিলেন না। উল্টো অনেক ক্ষেত্রে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’
তিনি দাবি করেন, ‘ইউনিয়ন কমিটির ৫১ জনের মধ্যে ৪৮ জন নেতা-কর্মীই আমাদের সঙ্গে রয়েছেন।’
তবে গোলাম সরওয়ার তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিপক্ষ অপপ্রচার চালাতে মিথ্যার আশ্রয় নিয়েছে। আমি না হয় দোষ করেছি, কিন্তু নৌকা প্রতীকের কী দোষ!’
বেলাল হোসেন বলেন, ‘আমি সাড়ে চার বছর ধরে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছি। স্থানীয় আওয়ামী লীগের সব নেতা-কর্মী আমার পক্ষে। তারপরেও দল আমাকে মনোনয়ন দেয়নি। ফলে এলাকার জনগণের দাবির মুখে আমাকে প্রার্থী হতে হয়েছে।’
কুড়াহার গ্রামের ভোটার ওয়াকিল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীর সঙ্গে দলীয় নেতা-কর্মী নেই এটা দুঃখজনক।’