আ.লীগের নেতা সুরুজ আলী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার সুরুজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া হামলার ঘটনার অন্যতম সন্দেহভাজন ব্যক্তি আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাসিরনগর উপজেলার চাপৈরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুরুজ আলীকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাসিরনগরে হামলার আগে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর গত ৪ নভেম্বর সুরুজ আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা শওকত হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা-ভাঙচুর ও লুটের ঘটনায় করা মামলায় সুরুজ আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে লিখিত আবেদন জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সুরুজ আলীকে গতকাল দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদন প্রসঙ্গে তিনি বলেন, আবেদন এখনো আদালতে এসে পৌঁছায়নি।

এদিকে রিমান্ডে থাকা হরিপুর ইউপির চেয়ারম্যান আতিকুর রহমানের প্রসঙ্গে মামলার আরেক তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বলেন, দুই দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না।

গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এরপর পুলিশের নিরাপত্তার মধ্যেই আরও চার দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।