আ.লীগের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ও স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
গতকাল বুধবার সকালে বসুরহাট পৌর সভার মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ফরিদুন্নাহার মেয়র প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেওয়া ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভার শেষে ফরিদুন্নাহার সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। জনগণের রায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা রাখি।’
এর আগে মঙ্গলবার রাতে ফরিদুন্নাহার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী আক্তার হোসেন এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল বিকেলে তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন পৌরসভায় মতবিনিময় সভা করেন।
ফরিদুন্নাহার বলেন, চট্টগ্রাম বিভাগে পৌরসভা নির্বাচনে একটি সমন্বয়ক দল ১০টি জেলার ৩৭টি পৌরসভা সফর করছেন। দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, সুজিত নন্দী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।