আ.লীগের নেতার অনিয়মের খবর প্রকাশ করায়...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে বিশ্বব্যাংকের অর্থায়নে গত রোববার শ্রমিকদের মধ্যে রেশন বিতরণ করা হয়। উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের তত্ত্বাবধানে ওই রেশন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ অভিযোগে শ্রমিকেরা তাঁকে অবরুদ্ধ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, এ খবর প্রকাশ করায় ক্ষিপ্ত হন আবু তাহের। তিনি ও তাঁর লোকজন গত সোমবার সন্ধ্যায় দ্য নিউ নেশন ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট সংবাদদাতা মনিরুজ্জামান তাহেরের ওপর হামলা চালান। মনিরুজ্জামান জানান, তিনি চন্দ্রিছড়া চা-বাগান থেকে পেশাগত কাজ শেষ করে তাঁর বাড়ি নয়ানিতে ফিরছিলেন। দেওরগাছ এলাকায় পৌঁছালে চেয়ারম্যান ও তাঁর ভাতিজা রাসেলের নেতৃত্বে ১০টি মোটরসাইকেল তাঁকে ঘেরাও করে হামলা চালায়। এতে তাঁর পাঁজরের কয়েকটি হাড় ভেঙে যায় ও বাঁ চোখে আঘাত পান।মনিরুজ্জামানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, জানি না।’