আ.লীগের নেতার কার্যালয়ে সাংবাদিক জিম্মি, গ্রেপ্তার ১
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান মাহবুবুর রহমানকে গত বৃহস্পতিবার রাতে নগর আওয়ামী লীগের এক নেতার কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে স্থানীয় সাংবাদিকেরা তাঁকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক মাহবুবুর রহমান এ ঘটনায় গতকাল শুক্রবার সিলেট কোতোয়ালি থানায় সিলেট নগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বিধান কুমার সাহাকে প্রধান আসামি করে মামলা করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসিরউদ্দিন মোহামঞ্চদ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিদ্দিকুর নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগের নেতার সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহার কথা বলে ছাত্রলীগের কর্মী সিদ্দিকুর রহমান ও তাঁর দুই সহযোগী জিন্দাবাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে নিয়ে যান। পরে সুবিদবাজারে বিধান কুমার সাহার কার্যালয়ে নিয়ে তাঁকে জিম্মি করে রাখা হয়। পরে বিধান দলবল নিয়ে তাঁর মুখোমুখি হয়ে জানান, মুক্তিপণ আদায়ের জন্য তাঁকে অপহরণ করা হয়েছে। ওই সময় তিনি কৌশলে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি এক সহকর্মীকে জানান।
সাংবাদিকেরা জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। এ সময় পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় মাহবুবুর রহমানকে বিধানের কার্যালয় থেকে উদ্ধার করা হয়। ক্ষুব্ধ সাংবাদিকেরা তখন অপহরণকারীকে গ্রেপ্তারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশ সিদ্দিকুরকে গ্রেপ্তার করে। সাংবাদিকেরা রাত দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
মাহবুবুর রহমান বলেন, সিলেট নগরে কিছু জায়গা জমির দখল ও চাঁদাবাজির কয়েকটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি বিধান সাহার রোষানলে পড়েন।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল মুঠোফোনে একাধিকবার কল করলেও বিধান সাহা ফোন ধরেননি।