আ.লীগের নেতার নেতৃত্বে দোকান দখল, অতঃপর...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারের তিনটি দোকানঘর অবৈধ দখলমুক্ত করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের দখল থেকে দোকানগুলো উদ্ধার করে মালিক দিজেন্দ্র লাল পোদ্দারকে বুঝিয়ে দেয়।দিজেন্দ্র লাল পোদ্দার বলেন, ‘গত ২৯ জুন রাত ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী হামলা করে দোকান তিনটির তালা ভেঙে ৮০ লাখ টাকার কাপড়চোপড় ও ক্যাশবাক্সে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা আমার বাড়ি ঘেরাও করে আমাকে ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেয়। তখন প্রাণের ভয়ে আমি দোকান ফেলে পালিয়েছি। রাজারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাদি মিয়ার নির্দেশে আমার দোকানঘরগুলোতে লুটপাট চালানো হয়েছে। পরে তাঁরা দোকান তিনটির একটি স্থানীয় দুলাল চন্দ্র বর্মণ, আরেকটি এলাকার আবুল বাশার ও আরিফ খানকে দেন এবং অপরটি তালাবদ্ধ করে রাখেন।’এ ঘটনায় দিজেন্দ্র লাল পোদ্দার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। দিজেন্দ্র লালের ছেলে দ্বিপক লাল পোদ্দার জানান, দোকান থেকে উচ্ছেদ ও মালামাল লুটের ঘটনায় করা মামলায় রাজারগাঁও গ্রামের আরিফ খান ও আবুল বাশারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।হাদি মিয়া দাবি করেন, দিজেন্দ্র লালকে দোকান থেকে উচ্ছেদের ঘটনায় তিনি জড়িত নন।তাঁরা আপনার নাম বলছেন কেন—এ প্রশ্নের জবাবে হাদি মিয়া বলেন, ‘তারা যদি আমাকে জড়ানো ভালো মনে করে, তাহলে জড়াক।’এ বিষয়ে প্রতিকার চেয়ে দিজেন্দ্র লাল পোদ্দার ২২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে দুলাল চন্দ্র বর্মণ, আবুল বাশার ও আরিফ খান জাল দলিল করে দোকান তিনটি তাঁদের বলে দাবি করেন। এরপর বিভিন্নভাবে দোকান তিনটি দখলের চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা হয়। আদালত তাঁর (দিজেন্দ্র লাল) পক্ষে রায় দেন। সর্বশেষ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ২৯ জুন হামলা চালিয়ে দোকানগুলো দখল করে নেওয়া হয়।আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আবু হানিফের নেতৃত্বে হাজীগঞ্জ থানা ও ডিবি পুলিশ দখলদারদের উচ্ছেদ করে দোকান তিনটি দিজেন্দ্র লাল পোদ্দারকে বুঝিয়ে দেয়।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, দোকানঘরগুলো মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তাঁরা দোকান চালাচ্ছেন। আবার দোকানে হামলার কোনো আশঙ্কা নেই। তবে তাঁদের মনের ভয় দূর করতে পুলিশের একজন কর্মকর্তা ও ১০ জন কনস্টেবল নিয়ে সেখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।