আ.লীগের নেতারা কাটছেন স্কুলের গাছ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের পারখির্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বড় গাছ আওয়ামী লীগের স্থানীয় নেতারা কেটে ফেলছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পারখির্দ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারোবাজার-মল্লিকপুর সড়কের ধারে অবস্থিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী খাতুন বলেন, অনেক আগে বিদ্যালয়ের পক্ষ থেকে রাস্তার ধারে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন সেই সময়ের শিক্ষকেরা। গাছগুলো অনেক বড় হয়েছে। এর মধ্যে তিনটি কড়ইগাছ। বাকি আটটি বিভিন্ন বনজ গাছ। গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনে গ্রামের কিছু লোক কড়ইগাছগুলো কেটে ফেলছেন শুনে তিনি সেখানে যান। এরপর গাছ কাটা বন্ধ করতে বললে তাঁরা খারাপ আচরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বলেন, স্কুল কর্তৃপক্ষকে কিছু না বলে গাছগুলো পারখির্দ্দা গ্রামের আওয়ামী লীগের কয়েকজন নেতা বিক্রি করে দিয়েছেন। গ্রামের সাধারণ মানুষ গাছ বিক্রির কারণ জানতে চাইলে বিক্রীত টাকা পার্শ্ববর্তী একটি এতিমখানায় দেওয়া হবে বলে তাঁরা জানান।
শিবলী খাতুন আরও বলেন, বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা খাতুনকে জানিয়েছেন। সালমা খাতুন বলেন, বিষয়টি ইউএনও মানোয়ার হোসেন মোল্লাকে জানানো হয়েছে। তবে ব্যস্ততার কারণে ইউএনও কথা বলতে পারেননি।
মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে এসব গাছ কাটা হচ্ছে। রাস্তা চওড়া করার কাজ হবে। এ কারণে গাছগুলো কাটা প্রয়োজন। আর গাছ বিক্রির টাকা গ্রামের এতিমখানায় দেওয়া হবে।