আ.লীগের নেতারা প্রচারে সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য প্রচার ও গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। তফসিল ঘোষণার পর গতকাল বুধবার থেকে তাঁরা আরও জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।

 বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এখনো গণসংযোগ শুরু করেননি। তাঁরা দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। তাঁরা প্রচার শুরু না করলেও দলের মধ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, গৌরীপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক মেয়র শফিকুল ইসলাম ওরফে হবি, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবু কাউসার চৌধুরী ওরফে রন্টি। তাঁরা বেশ কিছুদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। দুটি ঈদ এবং পূজার মতো ধর্মীয় অনুষ্ঠানে তাঁরা মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

 দলীয় সূত্রে জানা গেছে, তিনজন প্রার্থীর মধ্যে বতর্মান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সঙ্গে এক বছর আগেও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকিরের রাজনৈতিক কারণে মতবিরোধ ছিল। সম্প্রতি সেই বিরোধ মীমাংসা হয়ে গেছে। এতে নির্বাচনের মাঠে তাঁর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তবে বিষয়টি মেনে না নিয়ে অপর প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থগত কারণে তাঁরা (সাংসদ ও বর্তমান মেয়র) এক রয়েছেন। এইটা সাধারণ মানুষ জানে। তাই নির্বাচনে এর প্রভাব পড়বে না।’

গতকাল বুধবার প্রচারণা চালিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আস্থা রেখেই প্রচার চালিয়েছি।’

বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল আমি পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে প্রথমত নিজের দলকে সংগঠিত করার কাজটি করেছি। তাঁরাই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, বেশ কয়েজন প্রার্থী মেয়র পদে নির্বাচনের জন্য নিজের মতো করে কিছুটা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকাল পর্যন্ত তাঁরা প্রকাশ্যে প্রচারণা চালাননি। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ আকন্দ। মেয়র পদে আরও একজন মনোনয়ন চাইতে পারেন। তবে তিনি তাঁরা নাম প্রকাশ করতে চান না।

বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, মামলার ভয়ে বেশির ভাগ নেতাই প্রকাশ্যে এত দিন প্রচারণায় আসেননি। তারপরও তাঁরা গোপনে গোপনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কাজ করছেন।